ভয়াবহ তুষারঝড়ে অস্ট্রিয়ায় নিহত ৫
ইউরোপের দেশ অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারঝড়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। তীব্র তুষারপাত ও তুষারধসে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং যান চলাচলে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিঘ্ন।
কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর লিন্জে একজন মারা গেছেন। এছাড়া টাইরল অঞ্চলে তুষারধসে চারজন স্কিয়ার নিহত হন।
নিহতদের মধ্যে সেন্ট অ্যান্টন স্কি রিসোর্ট এর কাছে তুষারধসে তিনজনের মৃত্যু হয়। আর নুডার্স এলাকায় তুষারের চাপে একজন নিহত এবং আরও একজন আহত হন।
চলতি শীত মৌসুমে দেশটিতে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। বৃহস্পতিবার থেকে বিভিন্ন অঞ্চলে প্রায় ১৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে দক্ষিণ-পূর্বাঞ্চলে, বিশেষ করে গ্রাজ শহরের আশপাশে সতর্কতা জারি করা হয়েছে।
তুষারপাতের কারণে শুক্রবার সকালে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিকেলেও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।
জাতীয় অটোমোবাইল সংস্থা ওএএমটিসি জানিয়েছে, ভিয়েনার আশপাশের কয়েকটি প্রধান মহাসড়ক কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।
এদিকে বিদ্যুৎ কোম্পানিগুলো দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুদ্বিভ্রাটের খবর দিয়েছে। এর মধ্যে স্টাইরিয়া অঞ্চলে প্রায় ৩০ হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং পাহাড়ি এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।