ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ, বিসিবির নীতিগত সিদ্ধান্ত
ভারতের ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মঙ্গলবার দুপুরে বোর্ডের ১৭ জন পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এর আগের দিন রাতেও বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে বেশির ভাগ পরিচালক পরিস্থিতি পর্যবেক্ষণ করে কঠোর কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপ ও দিকনির্দেশনার পর বোর্ডের অবস্থানে পরিবর্তন আসে।
এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন প্রথম আলোকে জানান, খুব শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের অবস্থান স্পষ্ট করা হবে।
বিসিবি সূত্র জানিয়েছে, নিরাপত্তা, কূটনৈতিক পরিবেশ এবং খেলোয়াড়দের স্বার্থ বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।