প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।
অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি, আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ জমা দেওয়ার নির্দেশনাও রয়েছে।
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট এবং সম্পর্ক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থী, তৃতীয় লিঙ্গের প্রার্থী এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ জমা দেওয়ার কথা বলা হয়েছে।
সব কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে। এ সময় ফটোকপির পাশাপাশি মূল কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রদর্শন করতে হবে এবং জমা দেওয়ার পর প্রার্থীদের প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করার নির্দেশনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের সব মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় এবং স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
এর আগে ২১ জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফলে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।