পশ্চিম কাশিপুর ইসলামিয়া মডেল মাদ্রাসার উদ্বোধন সম্পন্ন
নোয়াখালীর সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের পশ্চিম কাশিপুর এলাকায় ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা পশ্চিম কাশিপুর ইসলামিয়া মডেল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পশ্চিম কাশিপুর সমাজসেবক জাহাঙ্গীর শেখের নতুন বাড়ির সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার উদ্বোধন করেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা নোয়াখালী জেলা কমিটির সভাপতি কাজী শিব্বির আহমেদ।
অনুষ্ঠানে মো. হাসান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর শেখ, পরিচালক মাওলানা মো. নুরুল হক, মো. আলী আকবর, সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, মো. সামিউল ইসলাম আজিম চিশতী, জাগরণ কোচিং সেন্টারের পরিচালক মো. সাইফুল ইসলাম, আরিফ হোসেন হৃদয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শিব্বির আহমেদ বলেন, মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থীদের কুরআন, হাদিস ও ফিকাহসহ ধর্মীয় জ্ঞানের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও কম্পিউটারসহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। এর মাধ্যমে নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে ওঠে, যারা ইহকালীন ও পরকালীন জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ নয়; আধুনিক জ্ঞানার্জনের মাধ্যমে কর্মজীবনের জন্যও শিক্ষার্থীদের প্রস্তুত করে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পশ্চিম কাশিপুর ইসলামিয়া মডেল মাদ্রাসার উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করা হয়।