মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ই-পাসপোর্ট ফি কমল, কার্যকর ১৯ জানুয়ারি থেকে
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্ট সেবার ফি পুনর্নির্ধারণ করেছে। নতুন নির্ধারিত ফি কাঠামো অনুযায়ী মালয়েশিয়ান রিংগিতে পরিশোধযোগ্য ই-পাসপোর্ট ফি গড়ে প্রায় ১৫ শতাংশ কমেছে। এই নতুন হার আগামী সোমবার, ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
শুক্রবার, ১৬ জানুয়ারি দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হারে উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে ই-পাসপোর্ট সেবার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিগত ছয় মাসের গড় বিনিময় হার বিবেচনায় নিয়ে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জ অন্তর্ভুক্ত করে নতুন ফি কাঠামো নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত ফি কাঠামো অনুযায়ী সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরিতে ৪৮ পাতা ৫ বছর মেয়াদি ই-পাসপোর্টের ফি ১৬৪ রিঙ্গিত থেকে কমে ১৪০ রিঙ্গিত হয়েছে। একই ক্যাটাগরিতে ৪৮ পাতা ১০ বছর মেয়াদে ফি ২৭৩ রিঙ্গিত থেকে কমে ২৩৩ রিঙ্গিত। ৬৪ পাতা ৫ বছর মেয়াদে ফি ৮১৭ রিঙ্গিত থেকে কমে ৬৯৫ রিঙ্গিত এবং ৬৪ পাতা ১০ বছর মেয়াদে ফি ৯৫৩ রিঙ্গিত থেকে কমে ৮১০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে অন্যান্য ভিসা ক্যাটাগরিতে ৪৮ পাতা ৫ বছর মেয়াদে ফি ৫৪৫ রিঙ্গিত থেকে কমে ৪৬৫ রিঙ্গিত হয়েছে। ৪৮ পাতা ১০ বছর মেয়াদে ফি ৬৮১ রিঙ্গিত থেকে কমে ৫৮০ রিঙ্গিত। এছাড়া ৬৪ পাতা ৫ বছর মেয়াদে ফি ৮১৭ রিঙ্গিত থেকে কমে ৬৯৫ রিঙ্গিত এবং ৬৪ পাতা ১০ বছর মেয়াদে ফি ৯৫৩ রিঙ্গিত থেকে কমে ৮১০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে।
হাইকমিশনের তথ্যমতে, আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্টসহ সংশ্লিষ্ট সেবার জন্য ইএসকেএল সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্যান্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত পরিশোধ করতে হবে।
হাইকমিশন জানায়, নির্ধারিত তারিখের পর থেকে নতুন হারে ফি পরিশোধ করে সেবা গ্রহণ করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তাদের মতে, সংশোধিত ফি কাঠামো ই-পাসপোর্ট গ্রহণ ও নবায়নে কিছুটা আর্থিক স্বস্তি দিতে পারে।