পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিল বিসিবি
একাধিক বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আলোচনায় আসেন এম নাজমুল ইসলাম। সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে করা একটি মন্তব্য এবং পরবর্তীতে ক্রিকেটারদের পারফরম্যান্সভিত্তিক বেতন কাঠামো নিয়ে তার বক্তব্য ক্রিকেট অঙ্গনে সমালোচনার সৃষ্টি করে।
এই মন্তব্যগুলোর প্রতিক্রিয়ায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে। দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণাও দেয় সংগঠনটি। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এ বিষয়ে গণমাধ্যমে অবস্থান তুলে ধরেন।
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। লিখিত জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।