ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঠানো নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬ শনিবার পর্যন্ত ঈদের ছুটির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৯ মার্চ স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। এরপর প্রশাসনিক কার্যক্রম ও অফিস খোলা রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার পরিবেশ নিরাপদ ও সুশৃঙ্খল রাখা সম্ভব হয়।