জকসু নির্বাচনের চার বিভাগের ফল প্রকাশ, ভিপি ও জিএস পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের চারটি বিভাগের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার ৭ জানুয়ারি সকাল সাতটার দিকে এসব ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী সহসভাপতি ভিপি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। চার বিভাগে তিনি মোট ৪২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৯৫ ভোট।
সাধারণ সম্পাদক জিএস পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী আব্দুল আলীম আরিফ ৪১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই পদে তার প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৬ ভোট।
সহসাধারণ সম্পাদক এজিএস পদেও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী মাসুদ রানা এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৪০৮ ভোট। এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী আতিকুল ইসলাম তানজীলের প্রাপ্ত ভোট ৩০৬।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ভোট গণনা এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সেসব বিভাগের ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।