শৈত্যপ্রবাহ নিয়ে নতুন সতর্কতা, চলতি মাসে আরও তীব্র শীতের আশঙ্কা
পৌষের তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার প্রভাবে জনজীবন কার্যত স্থবির হয়ে আছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এর মধ্যেই আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সাত জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘন কুয়াশায় আচ্ছন্ন। তীব্র শীতের কারণে ঘর থেকে বের হতে অনীহা থাকলেও জীবিকার তাগিদে কর্মজীবী মানুষকে রাস্তায় নামতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে সারা দেশেই শীতের অনুভূতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে দেশের ওপর দিয়ে আরও একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার ৫ জানুয়ারি রাত থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে এবং জানুয়ারি মাসে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।