জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে তল্লাশি: বিপুল পরিমাণ চোরাচালানি কম্বল ও প্রসাধনী জব্দ
সিলেটের জৈন্তাপুরে পর্যটকবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি কম্বল ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ২ জানুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ পর্যটকবাহী তায়েফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়।
তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭০টি কম্বল, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ১০০ পিস সীসা তৈল উদ্ধার করা হয়। তবে অভিযানকালে বাসটি থামানোর সঙ্গে সঙ্গে চোরাকারবারি চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই এলাকায় চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।