৮টি মা ছাগল উদ্ধার, থানা কম্পাউন্ডে দুই বাচ্চার জন্ম; মালিককে আইনি সহায়তায় ওসি রতন শেখ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে গরিব ও অসহায় মানুষের স্বপ্নের সম্পদ ছাগল বিভিন্ন কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে তিনজন চোরকে আটক করেছে পুলিশ। অভিযানে দুটি বাড়ি থেকে চুরি যাওয়া ৮টি মা ছাগল উদ্ধার করা হয়েছে।
গরিব মানুষের কাছে একটি ছাগল শুধু একটি প্রাণী নয়, অনেক পরিবারের কাছে এটি সঞ্চয়, জীবিকার অবলম্বন ও ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্নের সম্পদ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রতন শেখ, পিপিএম।
উদ্ধার করা ছাগলগুলোর মধ্যে পুলিশ হেফাজতে থাকা একটি মা ছাগল সদর মডেল থানা কম্পাউন্ডেই দুটি ফুটফুটে বাচ্চা জন্ম দিয়েছে। বর্তমানে মা ছাগল ও তার দুই বাচ্চা পুলিশ হেফাজতে রয়েছে। মালিক বিজ্ঞ আদালতের প্রয়োজনীয় আদেশ নিয়ে না আসা পর্যন্ত তাদের থানা কম্পাউন্ডে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ইতোমধ্যে জেলা পশু চিকিৎসকের মাধ্যমে থানা কম্পাউন্ডে এনে মা ছাগলটির প্রয়োজনীয় চিকিৎসাও করানো হয়েছে। মা ছাগল ও নবজাতক দুটি বাচ্চার সুস্থতা এবং নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছেন ওসি রতন শেখ।
এদিকে ছাগলগুলোর প্রকৃত মালিকদেরও শনাক্ত করা হয়েছে। মালিকরা যাতে সহজ প্রক্রিয়ায় আইনগত বিষয় সম্পন্ন করে তাদের ছাগল ফিরে পান, সে বিষয়েও উদ্যোগ নিয়েছেন ওসি রতন শেখ, পিপিএম।
মালিককে কোর্টে টাকা পয়সা খরচ ছাড়াই সহজ প্রক্রিয়ায় আইনগত বিষয় শেষ করার জন্য ইতিমধ্যে সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইডের বিজ্ঞ বিচারক স্যারের সঙ্গে কথা বলে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা নিয়ে ছাগলটি যাতে মালিকের হাতে ফিরে পান, সেই ব্যবস্থা করতে মালিককে যোগাযোগ করিয়ে দিয়েছেন ওসি রতন শেখ।
একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব শুধু অপরাধী আটক করা কিংবা আইনশৃঙ্খলা রক্ষা করা নয়, মানুষের কষ্ট বোঝা এবং অসহায়ের পাশে দাঁড়ানোও যে দায়িত্বের অংশ, ওসি রতন শেখের এই উদ্যোগ তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
গরিব মানুষের কাছে একটি ছাগল হয়তো কারও কাছে সামান্য সম্পদ, কিন্তু সেই পরিবারের কাছে সেটিই হতে পারে সঞ্চয়, জীবিকার অবলম্বন কিংবা ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্নের সম্পদ উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি একটি মা ছাগল ও তার নবজাতক বাচ্চাদের প্রতিও মানবিক দায়িত্ব পালন করে ওসি রতন শেখ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।
যুগে যুগে যেন এই রতন শেখের মতো সৎ, মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা পৃথিবীতে জন্মগ্রহণ করেন, এটাই সাধারণ মানুষের চাওয়া ও পাওয়া।
দিন শেষে পুলিশই জনগণের বন্ধু।