নির্বাচন সামনে রেখে বৈধ অস্ত্র থানায় জমা দিতে নির্দেশ, বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বৈধ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বৈধ অস্ত্রের লাইসেন্সধারীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় অস্ত্র জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়সীমা পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসরণ করে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের জন্য আগ্নেয়াস্ত্র বহন-প্রদর্শনে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে নীতিমালা অনুযায়ী বরাদ্দ বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। একই সঙ্গে নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রেও অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত বিধিনিষেধ প্রযোজ্য নয় বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।