জৈন্তাপুরের হরিপুর বাজারে চালু হলো পাইকারি মাছের আড়ত, জেলেদের মুখে হাসি
জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নতুন করে চালু হয়েছে একটি পাইকারি মাছের আড়ত। বাজার এলাকার বালিপাড়া কুমারচটী গাছ বাড়ি রোডে স্থাপিত এই আড়তটি প্রায় এক মাস আগে কার্যক্রম শুরু করেছে। আড়তে সব ধরনের মাছ পাইকারিভাবে বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের মতে, আগে পাইকারি মাছ কিনতে দূরের বাজারে যেতে হতো। নতুন আড়ত চালু হওয়ায় স্থানীয় খুচরা মাছ ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক এবং সাধারণ ক্রেতারা তুলনামূলক সহজে মাছ সংগ্রহ করতে পারছেন। এতে সময় ও পরিবহন খরচ কমছে, পাশাপাশি বাজারে মাছের সরবরাহও নিয়মিত হচ্ছে।
আড়ত পরিচালনার সঙ্গে যুক্ত হাছন হাজী, জলাল মেম্বার, হবিব আলী, সামাদ উদ্দিন সামাদ এবং আহমদ আলী, খালিক মিয়া,হেলাল আহমদ জানান, আমাদের লক্ষ্য হলো স্থানীয় বাজারে ন্যায্য দামে মানসম্মত মাছের পাইকারি সরবরাহ নিশ্চিত করা। এখান থেকে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরাও মাছ সংগ্রহ করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, এই আড়ত পুরোপুরি জমে উঠলে কৃষক-জেলে-ব্যবসায়ী সবারই সুবিধা হবে এবং হরিপুর বাজারে বেচাকেনার পরিধি আরও বাড়বে।