গণভোটে অংশগ্রহণের আহ্বান উপদেষ্টা ফারুক ই আজমের
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, গণভোটের ফলাফল আগামীর বাংলাদেশ গঠনে প্রভাব ফেলবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফারুক ই আজম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হিসেবে গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্র ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে যাতে রাষ্ট্রকে পূর্বের ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া না যায়, সে লক্ষ্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সনদের কিছু মৌলিক বিষয়কে সামনে রেখেই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের ভোট রাষ্ট্র কাঠামো ও নাগরিক অধিকার সংশ্লিষ্ট পরিবর্তনের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে অর্থনীতি, বিচারব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারের পথ সুগম হতে পারে। একই সঙ্গে তিনি একটি স্বচ্ছল, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, নাগরিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হলে কোনো সরকারই টেকসইভাবে ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তিনি বলেন, সচেতনভাবে ভালো প্রার্থী নির্বাচনের জন্য ভালো রাষ্ট্র কাঠামো প্রয়োজন এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটে সমর্থন দেওয়ার গুরুত্ব রয়েছে।
বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দীন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিভিল সার্জন মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রাকিব হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।