সিলেট-৪ আসনে ব্যাপক গণসংযোগে ব্যস্ত এনসিপি মনোনীত প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম
সিলেট-৪ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সফর করেছেন।
সম্প্রতি তিনি কোম্পানিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলূম খাগাইল মাদ্রাসার ওয়াজ মাহফিল পরিদর্শন করেন। এ সময় তিনি দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়ার আবেদন জানান।
এছাড়া গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনারবাংলা বাজার পরিদর্শন করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাকে সমর্থনের আহ্বান জানান। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও আন্তরিকতায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
গণসংযোগের ধারাবাহিকতায় তিনি গোয়াইনঘাট উপজেলার জামেয়া দারুল ক্বোরআন সোনারবাংলা মাদ্রাসার ওয়াজ মাহফিল পরিদর্শন করেন এবং উস্তাদদের নিকট দোয়ার আবেদন জানান। একই দিনে তিনি জামিয়া ইসলামিয়া দারুস্ সালাম মাদরাসা ও এতিমখানা, নন্দিরগাঁও, সালুটিকর পরিদর্শন করেন এবং এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
প্রকৌশলী রাশেল উল আলম বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে সিলেট-৪ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক আসনে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব।
তার এই ধারাবাহিক গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয়রা জানান।