এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারির দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে তিনি নিজে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সোমবার, ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। অন্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে মন্তব্য করা তার জন্য সমীচীন নয়।
বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় পে স্কেলের আওতায় আনার ঘোষণা দেওয়া হলেও এখনো এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। এতে প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর মধ্যে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে। সেই চিঠির ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে পরবর্তী ধাপে পৃথক গেজেট প্রকাশের সুযোগ তৈরি হবে।
সূত্র আরও জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত এসব আলোচনা আনুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে শুরু হয়নি।
এদিকে পৃথক প্রজ্ঞাপন কবে প্রকাশিত হবে, তা নিয়ে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে অপেক্ষা ও অনিশ্চয়তা রয়েছে।