এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য হলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
শিক্ষার্থীদের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা বন্ধ করতে এসএসসিতে দুই বিষয়ে অনুত্তীর্ণদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সরকার গুরুত্ব দিচ্ছে। সাধারণ শিক্ষাব্যবস্থায় যারা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারবে না, তাদের কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের বছরের পর বছর পরীক্ষার জন্য অপেক্ষা করিয়ে রাখার পরিবর্তে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
নৈতিক শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তুলতে সাংস্কৃতিক আয়োজন, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চতুর্থ শ্রেণি থেকে এসব কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলার পাশাপাশি প্রধানমন্ত্রী গোল্ডকাপ আয়োজনের মাধ্যমে পড়াশোনার সঙ্গে ক্রীড়া কার্যক্রমের সমন্বয় করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা ড. সরদার মো. কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্য নবনিযুক্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা প্রশাসন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ করা।