জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভা। এই অর্জনকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ জুন, মন্ত্রিসভার পক্ষ থেকে গৃহীত এক অভিনন্দন প্রস্তাবে বলা হয়, গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ব্যাপক সমর্থন লাভ করে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন।
প্রস্তাব অনুযায়ী, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি ১৯০টি ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করেন। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে এক বছরের জন্য দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন।
মন্ত্রিসভা আশা প্রকাশ করে যে, তার নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদ বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং কূটনৈতিক সক্ষমতার প্রতিফলন বলেও উল্লেখ করা হয়।
প্রস্তাবে আরও বলা হয়, আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে ড. খলিলুর রহমান বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মন্ত্রিসভার মতে, এই অর্জনের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব, দূরদর্শিতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ড. খলিলুর রহমানের এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সমুন্নত হয়েছে উল্লেখ করে মন্ত্রিসভা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।