ওসমানী বিমানবন্দর বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালুর দাবি
সিলেট বিভাগ গণদাবি পরিষদের মতবিনিময় সভায় আঞ্চলিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ দাবির প্রতি জোর দেওয়া হয়েছে। রবিবার ৭ জুন বিকেলে অনুষ্ঠিত সভায় সংগঠনটির নেতৃবৃন্দ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থবির কার্যক্রম দ্রুত চালুর আহ্বান জানান।
রবিবার ৭ জুন বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও প্রবাসী কমিউনিটি নেতা শাহ মুমিন।
সভায় বক্তারা বলেন, ২০১৮ সালে সিলেটের দক্ষিণ সুরমায় সরকারি ও অধিগ্রহণ করা জমিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও এখনো এর অবকাঠামোগত উন্নয়ন ও পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম দৃশ্যমান হয়নি। তারা দ্রুত অবকাঠামো নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে বক্তারা উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিপুল সংখ্যক সিলেটি প্রবাসীর যাতায়াত আরও সহজ করা এবং অঞ্চলের বাণিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য উন্মুক্ত করা সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মনসুর আহমদ লস্কর, উপদেষ্টা আব্দুল মতিন চৌধুরী, শিল্পপতি রফিকুল ইসলাম ফেনু, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সহসভাপতি মো. মুসলেহ উদ্দিন, মাওলানা আসলাম রহমানী, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য শ্যামল চৌধুরী, কয়েস আহমদ সাগর, কেন্দ্রীয় নেতা মো. ইদ্রিস আলী, সদস্য মো. কয়েস আহমদ, মো. জহির উদ্দিন, মাহমুদুর রহমান মাহমুদ, মো. ইউসুফ শেলু, আমিন তাহমিদ এবং দপ্তর সম্পাদক সেলিম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, প্রবাসীবান্ধব যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চমানের চিকিৎসা শিক্ষা অবকাঠামো গড়ে তোলা সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন তারা।