সিলেট জকিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবাসহ আসামি আটক
সিলেটের জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন আসামি এবং বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন আমলশীদ বিওপি’র একটি বিশেষ টহল দল জকিগঞ্জ উপজেলার আমলশীদ ত্রিমোহনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোনের সিজার মূল্য প্রায় ৫ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এছাড়াও, ১ জানুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র পৃথক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু এবং ৮ হাজার ৮৮০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য আনুমানিক ১০ লাখ ৫৪ হাজার টাকা।
বিজিবি জানায়, উপরোক্ত অভিযানের মাধ্যমে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ ৮০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর মোঃ মঈনুল আলম জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। আটককৃত আসামিসহ জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।