দর্পণ টিভি সম্পাদক মো. রহমত আলী "প্রবাসী সম্মাননা" পাওয়ায় ব্রিটিশ-বাংলাদেশী এমপি আফসানা বেগম খুশি
সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলমের বিশেষ উদ্যোগে গত ২৭ ডিসেম্বর বহির্বিশ্বে বসবাসরত সিলেট জেলার প্রবাসীদের জন্য প্রবাসী সম্মাননা ২০২৫ প্রদান করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী প্রবীণ সাংবাদিক, আর এ ফাউন্ডেশনের চেয়ারম্যান, দর্পণ বুক ক্লাবের প্রতিষ্ঠাতা, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা মোহাম্মদ রহমত আলী সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।
সম্মাননা গ্রহণ শেষে যুক্তরাজ্যে প্রত্যাবর্তনের পর লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনের ব্রিটিশ-বাংলাদেশি এমপি আফসানা বেগম তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং এ অর্জনের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলমসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এ সময় এমপি আফসানা বেগম ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রথম প্রজন্মের অবদানের কথা উল্লেখ করে বলেন, তাদের আত্মত্যাগ ও অবদানের ফলে পরবর্তী প্রজন্ম বিভিন্ন সুফল ভোগ করছে।
মোহাম্মদ রহমত আলী তার প্রতিক্রিয়ায় সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এমপি আফসানা বেগমকে ধন্যবাদ জানান।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট জেলার শতাধিক প্রবাসীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রাপকদের মধ্যে যুক্তরাজ্যপ্রবাসীর সংখ্যাও উল্লেখযোগ্য ছিল। এ সম্মাননা প্রাপ্তির পর মোহাম্মদ রহমত আলীকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দনকারীদের মধ্যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদসহ বিভিন্ন বিশিষ্টজনের নাম উল্লেখ করা হয়েছে।