টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নুর কামাল, বয়স ২৫ বছর। তিনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।
শুক্রবার গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউছার সিকদার।
পুলিশ সূত্র জানায়, ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় দুইটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এপিবিএন জানায়, সংঘর্ষের এক পর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি ক্যাম্প এলাকায় একটি সশস্ত্র গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাদের প্রাথমিক তথ্য রয়েছে। তবে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।