নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি, নির্বাচন কমিশনের প্রতি কঠোর বার্তা জামায়াতে ইসলামীর
দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
সোমবার সকাল ১০টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় নেতারা মত প্রকাশ করেন, এখনো দেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অনুকূল পরিবেশ গড়ে ওঠেনি।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রশাসনের কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন বলে দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, দেড় হাজার শহীদের আত্মত্যাগ এবং ৩০ হাজারের বেশি মানুষের আহত ও পঙ্গুত্ববরণের মাধ্যমে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, তাকে কোনো চক্রান্ত বা গোষ্ঠীগত স্বার্থের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না।
এ অবস্থায় নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।