বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ রয়েছে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব হলো খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা, বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়।
শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাতে থাকা খাদ্য মজুদ বাজারমূল্য নিয়ন্ত্রণে পর্যাপ্ত।
মন্ত্রী আরও জানান, কর্মসংস্থান সৃষ্টি, আইটি পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠা করা হবে। পার্শ্ববর্তী দেশগুলোতে বড় ডিজিটাল স্কিম গ্রহণ করা হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে। সিলেটে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিনিয়োগের প্রয়োজন, এবং এর জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী উল্লেখ করেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি ও সহায়তা প্রয়োজন এবং এর বাস্তবায়ন শিগগিরই দৃশ্যমান হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।