চিকিৎসাসেবা তদারকিতে সরেজমিনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসকেরা দায়িত্ব অনুযায়ী সেবা দিচ্ছেন কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হবে। হাসপাতালগুলোতে মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সার্বিক কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। রোগীসেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা সঠিকভাবে সেবা দিচ্ছেন কি না, তা যাচাই করতে হঠাৎ করেই বিভিন্ন হাসপাতালে পরিদর্শনে যাওয়া হবে। সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে সাধারণ মানুষ যেন বাস্তব উপকার পান, তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের সিন্ডিকেট বা অনৈতিক সুবিধা প্রদান করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সকলকে সমানভাবে চিকিৎসা দেওয়া হবে।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত স্বাস্থ্যখাতের বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক শূন্যপদ রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই সেবাপ্রদান ব্যাহত হচ্ছে। এসব পদ দ্রুত পূরণ এবং মেডিকেল শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যখাতে জবাবদিহি ও তদারকি জোরদারের এই ঘোষণা বাস্তবায়িত হলে জনসাধারণের চিকিৎসাসেবা প্রাপ্তিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।