জনআস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা পুনরুদ্ধার করে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। ফলে জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
তিনি জানান, পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাঠামোয় গণতান্ত্রিক সংস্কার আনতে হলে প্রথমে অগ্রাধিকার নির্ধারণ জরুরি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং নৈতিক মানোন্নয়নের মাধ্যমে জনআস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা প্রয়োজন।
জনবল ঘাটতির বিষয় তুলে ধরে মন্ত্রী বলেন, লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ। নতুন নিয়োগ ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা প্রস্তুতের নির্দেশ দেন। এসব সুপারিশের ভিত্তিতে সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্বপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, জবাবদিহি, নৈতিকতা ও পরিকল্পিত সংস্কারের মাধ্যমে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।