হতদরিদ্র পরিবারই আগে পাবে ফ্যামিলি কার্ডের সুবিধা, জানালেন খাদ্যমন্ত্রী
সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে সংশ্লিষ্ট বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঈদের আগেই পরীক্ষামূলকভাবে কিছু নির্বাচিত জেলা ও উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ধাপে ধাপে এর পরিধি বাড়ানো হবে।
তিনি আরও জানান, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী এই কার্ডের মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। বিশেষ করে হতদরিদ্র পরিবারের নারীদের হাতে সরাসরি অর্থ পৌঁছালে তা পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার মনে করছে। প্রাথমিকভাবে কতসংখ্যক মানুষ এই সুবিধার আওতায় আসবেন, তা দু এক দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। এখনো সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়নি। শুরুতে কর্মবিমুখ নারী ও বিধবাদের অগ্রাধিকার দিয়ে কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে আরও পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক সুরক্ষা জোরদার এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দরিদ্র মানুষের জীবনে সামান্য সহায়তাও বড় পরিবর্তন আনতে পারে, আর সেই পরিবর্তনের স্বপ্ন নিয়েই শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।