শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসির ১৫ কর্মীর চাকরি বাতিল
নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রকল্প পরিচালক প্রশাসন মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, একটি প্রকল্পে নিয়োজিত নয়জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান এবং মো. আনিছুর রহমান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর বা সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালন করছিলেন।
অফিস আদেশে সংশ্লিষ্টদের সব ধরনের পরিচয়পত্র, দাপ্তরিক প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের একটি সূত্র জানায়, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অফিস আদেশে ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।
প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও জবাবদিহিতা রক্ষায় এমন সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোয় শুদ্ধতার বার্তা দেয়, যা ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও সতর্কতা ও পেশাদারিত্ব নিশ্চিত করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।