জোট জিতলে প্রধানমন্ত্রী প্রশ্নে সিদ্ধান্ত হয়নি, নির্বাচনেই মনোযোগ এনসিপির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠন করে আসন ভাগাভাগির আলোচনা এগোলেও নির্বাচনে জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
রোববার ৪ জানুয়ারি রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের মূল মনোযোগ বর্তমানে নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির দিকে রয়েছে।
জামায়াতের সঙ্গে জোটের অংশ হিসেবে এনসিপি ৩০টি আসন পাচ্ছে এমন আলোচনা গণমাধ্যমে উঠে আসলে এ বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে আখতার হোসেন বলেন, আসন বণ্টনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
এর আগে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়ার পরও কেন জামায়াতের সঙ্গে জোট গড়া হলো—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং জুলাই সনদ অনুযায়ী কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের বিষয়টি তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এককভাবে এসব সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলেই সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নির্বাচনে জোট বিজয়ী হলে সরকার গঠন এবং প্রধানমন্ত্রী নির্ধারণ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এ বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনা শেষ হলে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে। আপাতত তারা নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করতেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি।