বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিনি সেখানে উপস্থিত হন।
কবরস্থানে পৌঁছে তিনি পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
এর আগে একই দিন বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। পরে নতুন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।
এই শপথের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। একই সঙ্গে দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বে আবারও সরকার গঠিত হলো। দায়িত্ব গ্রহণের দিনই বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যা নতুন অধ্যায়ের সূচনায় এক আবেগঘন মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।