পররাষ্ট্রমন্ত্রী হলেন ড. খলিলুর রহমান
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ড. খলিলুর রহমান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের আমন্ত্রণ জানানো শুরু হলে তাঁর নামও নিশ্চিত হয়।
দলীয় একটি বিশ্বস্ত সূত্র জানায়, নতুন সরকারের বৈদেশিক নীতি ও কূটনৈতিক কার্যক্রম পরিচালনায় তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তিনি শপথ নেবেন।
ড. খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তিনি রোহিঙ্গা সংকট ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। ২০২৫ সালের এপ্রিলে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়।
কূটনৈতিক ও নীতিনির্ধারণী পর্যায়ে তাঁর সক্রিয় ভূমিকার কথা সংশ্লিষ্ট মহলে উল্লেখ করা হয়। বিশেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি প্রক্রিয়ায় তাঁর সম্পৃক্ততা আলোচনায় আসে।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন হচ্ছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে মন্ত্রিত্বের আমন্ত্রণ পৌঁছাতে শুরু করে। জানা গেছে, মোট ৪৯ জনকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ড. খলিলুর রহমান এমন এক সময়ে কূটনৈতিক নেতৃত্বে আসছেন, যখন আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সম্পর্ক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিজ্ঞতা ও প্রজ্ঞার সমন্বয়ে দেশের স্বার্থ রক্ষায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা কূটনৈতিক মহলের।