শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের স্পিকার ও পররাষ্ট্রসচিব
নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় আসেন। তাঁর সঙ্গে রয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মন্ত্রণালয়ের সচিব পূর্ব ও পশ্চিম মো. নজরুল ইসলাম।
এদিন শপথ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও ঢাকায় পৌঁছেছেন।
এ ছাড়া পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়তিসা, যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক আন্ডার সেক্রেটারি সিমা মালহোত্রা এবং তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচিও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
নতুন সরকারের শপথ ঘিরে দক্ষিণ এশিয়া ও বাইরের বিভিন্ন দেশের এই উচ্চপর্যায়ের উপস্থিতি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্বকেই তুলে ধরছে। কূটনৈতিক মহলের মতে, পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে এই সম্পৃক্ততা ভবিষ্যৎ সম্পর্ককে আরও দৃঢ় করার ইঙ্গিত বহন করছে।