সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদীয় দলে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বৈঠকে উপস্থিত নবনির্বাচিত সংসদ সদস্যরা দলীয় ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন। সংসদীয় গণতন্ত্রের বিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন এবং এরপর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
এদিকে নতুন মন্ত্রিসভায় বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা দায়িত্ব পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এহসানুল হক মিলন, জোনায়েদ সাকী এবং নুরুল হক নূর।
সংসদীয় দলের বৈঠকে নীতিগত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে। দলের সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারিভাবে কোনো আবাসিক প্লট বরাদ্দ নেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, জনমুখী ও সাশ্রয়ী প্রশাসনের বার্তা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্ব নির্ধারণ ও নীতিগত অঙ্গীকারের মাধ্যমে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এখন সময় কার্যকর সুশাসন, জবাবদিহি এবং উন্নয়নমুখী কর্মপরিকল্পনার বাস্তবায়ন দেখার। দেশের মানুষের আস্থা ও আশা পূরণই হবে নতুন নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা।