মনোনয়ন বাতিল নিয়ে প্রশ্ন, ঐক্যের আহ্বান এনসিপি নেতা এহতেশাম হকের
সিলেটের মানুষের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে সুনামগঞ্জ-৩ আসনে জোটের প্রার্থিতার প্রস্তাব প্রত্যাখ্যান করে সিলেট-১ আসন থেকেই দলের প্রাথমিক মনোনয়ন গ্রহণ করেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির নেতা এহতেশাম হক। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণ সততা ও স্বচ্ছতার সঙ্গে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
তবে রিটার্নিং অফিসার ছুটির সময় একনলেজমেন্ট দেওয়া সম্ভব হয়নি-এই যুক্তিতে তাঁর আবেদন বাতিল করা হয়। সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও এহতেশাম হক বলেন, এই ঘটনা বিদ্যমান ব্যবস্থায় সততার অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।
তিনি বলেন, সারা দেশে দ্বৈত নাগরিকত্বধারী একাধিক প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া অতিক্রম করেছেন। এ অবস্থায় মনোনয়ন যাচাইয়ের ক্ষেত্রে কঠোরতা কি সব প্রার্থীর জন্য সমানভাবে প্রয়োগ হয়েছে-সে প্রশ্ন থেকেই যায়। বড় রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রেও কি একই স্বচ্ছতা ও স্ক্রুটিনি দেখানো হয়েছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
এহতেশাম হকের মতে, দ্বৈত নাগরিকত্বধারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারলেও সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হন, যা রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে বৈপরীত্য তৈরি করে।
তিনি বলেন, তাঁদের রাজনীতি ক্ষমতা অর্জনের জন্য নয়; বরং রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, নাগরিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। কোনো মনোনয়ন বাতিল হলেও এই রাজনৈতিক লড়াই থেমে থাকবে না।
দলীয় শৃঙ্খলা বজায় রেখে সিলেট বিভাগের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানান। পাশাপাশি সিলেটের নাগরিক সেবায় দুর্নীতি ও প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শেষে দেশে ও প্রবাসে এনসিপি ও শাপলা কলির সব সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এহতেশাম হক।
এহতেশাম হক, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি।