মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেটের নীতিগত সিদ্ধান্ত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের জন্য বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার, হ্যাচারি, গবাদিপশু ও পোল্ট্রি খামারের উৎপাদন ব্যয় হ্রাস করে খাতটির টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
সোমবার ২৬ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য রপ্তানিতে উৎসাহ এবং কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যুৎ রিবেট নীতিমালার আওতায় বর্তমানে ১৬টি খাতে ২০ শতাংশ বিদ্যুৎ রিবেট দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন চারটি গুরুত্বপূর্ণ খাতে অর্থ বিভাগ একশ কোটি টাকা ভর্তুকি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই ভর্তুকির আওতায় অন্তর্ভুক্ত খাতগুলো হলো পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, ফিস ফিড উৎপাদন, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প। দুগ্ধ প্রক্রিয়াকরণের মধ্যে দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট ও দই উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং নিরাপদ ও মানসম্মদ প্রাণিজ আমিষ উৎপাদনে দেশ আরও স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।