দীর্ঘ ২১ বছর পর ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ বিরতির পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি ময়মনসিংহ সফরে যাচ্ছেন। এ সফরকে কেন্দ্র করে নগরীর সার্কিট হাউজ মাঠে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ জনসভাকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ ও আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির সম্ভাবনার কথা জানাচ্ছেন আয়োজকেরা।
জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, দীর্ঘ সময় পর তারেক রহমানের ময়মনসিংহ সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জনসভায় সভাপতিত্ব করবেন তিনি নিজেই।
ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, দুপুর ২টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত জনসভায় তারেক রহমান উপস্থিত থাকবেন। এ সময় ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর জেলার ২৪টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে এবং তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
তিনি আরও জানান, সম্ভাব্য জনসমাগম বিবেচনায় সভাস্থলের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন স্থাপন, নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে বলে জানানো হয়।
নিরাপত্তা বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, জনসভাকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ টিম দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।
দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে জনসভাটি অনুষ্ঠিত হবে এবং এতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে।