সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে ‘খালেদা জিয়া-উত্তর’ যুগে। শোকের এই কঠিন সময়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই শোককেই শক্তিতে রূপান্তর করে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে দুই আউলিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে সিলেট থেকেই তারেক রহমানের নির্বাচনী কর্মসূচির সূচনা হবে। এর মাধ্যমে তিনি প্রয়াত মাতা বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনগণের কাছে যাওয়ার বার্তা দিতে চান।
বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন অসুস্থতা ও রাজনৈতিক নিষ্ক্রিয়তার মধ্যেও খালেদা জিয়া ছিলেন দলের ঐক্যের প্রতীক এবং নৈতিক অভিভাবক। তার অনুপস্থিতিতে সেই শূন্যতা গভীরভাবে অনুভূত হলেও দল এখন প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত হচ্ছে এবং নেতৃত্বের প্রশ্নে কোনো সংকট নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বিএনপি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, খালেদা জিয়ার অভাব বিএনপি সব সময় অনুভব করবে, তবে তা দলের রাজনৈতিক কার্যক্রমকে স্থবির করবে না। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক হয়েছে। ফলে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখেই দল সামনে এগোতে পারবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা ও আবেগ রয়েছে, তা আগামী নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক শক্তি হিসেবে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব—এ বিশ্বাস জনগণের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় স্বার্থে তারেক রহমানকে দৃঢ় ও সাহসী ভূমিকা রাখতে হবে। শোক থাকলেও গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা পূরণে নেতৃত্বের দায়িত্ব পালনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
দলীয় সূত্র জানায়, আনুষ্ঠানিক প্রচারণার আগে তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়ায় যেতে পারেন। আসন্ন নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খালেদা জিয়ার ইন্তেকালের শোককে শক্তিতে পরিণত করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে—এমনটাই বলছেন দলটির শীর্ষ নেতারা।