বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত পরিবেশনা, সম্মাননা প্রদান এবং দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই ২০২৬ ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কবি পুলক কান্তি ধর। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তামান্না রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কানাডার সাবেক সভাপতি ও সংস্কৃতিজন ফয়ছল আহমদ এবং নজরুল গবেষক ও শিল্পী সোমঋতা মল্লিক।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত শিক্ষাবিদ, লেখক, গবেষক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ডক্টর অনুপম কুমার পাল। প্রবন্ধ উপস্থাপন করেন কবি লিলি শেঠ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী রূপালী বড়ুয়া।
অনুষ্ঠানে কবিমঞ্চ প্রকাশনী থেকে প্রকাশিত বিশ্ব কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার সভাপতি কবি আবুল কালাম আজাদ ছোটন সম্পাদিত একশত একজন কবির লেখা নিয়ে সংকলিত নদী ও প্রেম এবং বিশ্ব কবিমঞ্চ কানাডা শাখার সভাপতি কবি সৈয়দা রোখসানা বেগমের কাব্যগ্রন্থ অর্ধ ডুবা জলে এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
এ সময় বিশ্ব কবিমঞ্চ কবি সম্মাননা প্রদান করা হয় অমিতা মজুমদার, শ ম শহীদুল কামাল, উইলিয়াম রনি গমেজ এবং যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ কাহেরকে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছ থেকে তারা সম্মাননা স্মারক গ্রহণ করেন।
আলোচনা পর্বে অংশ নেন অধ্যাপক ডক্টর মোস্তফা দুলাল, ডক্টর মোহাম্মদ আনওয়ারুল কবীর, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায় এবং রবীন্দ্র রায়। কবিতা পাঠ করেন অমিতা মজুমদার, শ ম শহীদুল কামাল, উইলিয়াম রনি গমেজ, ডক্টর নাঈমা খানম, মোনায়েম খান, ডক্টর শামীমা খানম, আশফাকুর জামান, রীনা পণ্ডিত ও গোলাম কিবরিয়া। আবৃত্তি পরিবেশন করেন শহীদুল জয়। শিশু আবৃত্তিশিল্পী কিয়ানা শরীফ, সামিয়া ইসলাম মীম এবং মুদহামান্তার মাহানুর সারাহও পরিবেশনায় অংশ নেয়।
সবশেষে সোমঋতা মল্লিকের পরিবেশিত নজরুলসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।