সীমান্ত হত্যার প্রতিবাদে হাতীবান্ধা সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনায় প্রতিবাদ জানাতে হাতীবান্ধা সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি দলের একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে যাবেন।
সোমবার ২০ মে, এনসিপির পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিধি দলটি বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় সফর করবে। সফরের অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত, আহত ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং চলমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
প্রতিনিধি দলে থাকবেন এনসিপির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, এম এম শোয়াইব, মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় প্রতিনিধি দল হাতীবান্ধায় পৌঁছাবে। এরপর সকাল ১১টায় সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের বাড়িতে যাবেন নেতারা। সকাল সাড়ে ১১টায় নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
দুপুর ১২টায় মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত শেষে দুপুর ১টায় হাতীবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রতিনিধি দলের।