ফ্যামিলি কার্ডের ওপর নির্ভরশীল না হয়ে উৎপাদনমুখী কাজে যুক্ত হওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শুধু সরকারি সহায়তা বা ফ্যামিলি কার্ডের ওপর নির্ভর করে থাকলে চলবে না। জনগণকে স্বাবলম্বী হতে কৃষি, খামার ও অন্যান্য উৎপাদনমুখী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
শনিবার জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
অনুষ্ঠানে উপজেলার নিজপাট ইউনিয়নের ৪৬৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। একই সময়ে চাঁদপুরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সঙ্গে অনলাইনে যুক্ত হয় অনুষ্ঠানটি।
শ্রমমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে উৎপাদনমুখী কর্মকাণ্ডের বিকল্প নেই। কৃষিকাজ, হাঁস-মুরগি পালন, গরুর খামারসহ বিভিন্ন আয়বর্ধক কাজে যুক্ত হয়ে পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি মানুষকে শ্রম ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
দক্ষ জনশক্তি তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ প্রবাসী কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিরা বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সকালে তোয়াকুল কলেজে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী। পরে গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতারখাল ইস্তি ব্রিজ এলাকা থেকে সাকেরপকের খাল ভরাং পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।