রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে আয়োজিত এ সভায় নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।
সভায় রাজধানীর সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যানজট কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং নগরবাসীর চলাচল সহজ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার যানজট ও ট্রাফিক পরিস্থিতি উন্নয়নে এটি ধারাবাহিক বৈঠকের অংশ। এর আগে একই বিষয়ে আরও একটি সভা অনুষ্ঠিত হয়েছিল।