শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা উন্নত হলে কোচিং সেন্টারের প্রয়োজন কমবে, মন্তব্য শিক্ষামন্ত্রীর
শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যকর ও মানসম্মত হলে একসময় কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা স্বাভাবিকভাবেই কমে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার ১৪ মে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোচিং সেন্টার শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃত বা অধিভুক্ত কোনো প্রতিষ্ঠান নয়, তাই এগুলো সরাসরি বন্ধ করার আইনি ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। কোচিং সেন্টার তখনই অপ্রয়োজনীয় হয়ে পড়বে, যখন শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পর্যাপ্ত ও মানসম্মত পাঠদান পাবে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের কোচিংমুখী হওয়ার মূল কারণ শ্রেণিকক্ষে কাঙ্ক্ষিত মানের শিক্ষা না পাওয়া। ক্লাসরুম শিক্ষার মান উন্নত করা গেলে এবং পরীক্ষা ও ভর্তি কার্যক্রমে দীর্ঘ বিরতি কমানো গেলে কোচিংয়ের ওপর নির্ভরতা কমে আসবে।
তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে ইন হাউজ কোচিং বা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে অতিরিক্ত পাঠদানের পুরোনো পদ্ধতিকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা বাইরের কোচিং সেন্টারের ওপর নির্ভরশীলতা কমাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। লক্ষ্য হচ্ছে শ্রেণিকক্ষকেই মূল শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা এবং কোচিং নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা।