ভোলা-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, জোটের একক প্রার্থী হিসেবে থাকছেন আন্দালিব রহমান পার্থ
ভোলা-১ সদর আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর। সোমবার ১২ জানুয়ারি বিকেলে তার আইনজীবী মো. আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে এ আবেদন জমা দেওয়া হয়। এর ফলে আসনটিতে বিএনপি জোটের একক প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের প্রার্থিতা নিশ্চিত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, গোলাম নবী আলমগীর গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। আবেদনপত্রে তার ১১ জানুয়ারির স্বাক্ষর রয়েছে।
গোলাম নবী আলমগীরের আইনজীবী আমিরুল ইসলাম বাছেদ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর এবং বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ উভয়ের মনোনয়ন দাখিলের পর স্থানীয় রাজনীতিতে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়। গত ২৯ ডিসেম্বর বিকেলে নতুন বাজার এলাকায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয় পার্টির কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় উভয় দলের পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ করা হয়।
মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে ভোলা-১ আসনে প্রার্থিতা নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ আসনে আন্দালিব রহমান পার্থের বিপরীতে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওবায়দুর রহমান, এনপিপির মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল এবং ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী।
সংশ্লিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগে যেখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল, এখন সেখানে মূলত আন্দালিব রহমান পার্থ ও জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. নজরুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।