মুস্তাফিজকে দলে না নেওয়া সিদ্ধান্তকে দুঃখজনক বললেন আইপিএল চেয়ারম্যান
আইপিএলের চলতি আসরে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন লিগটির চেয়ারম্যান অরুণ ধুমল।
শনিবার ৪ এপ্রিল ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
অরুণ ধুমল বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং এতে হতাশা রয়েছে। তিনি উল্লেখ করেন, অনেক সময় পরিস্থিতির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে হয়, যদিও এ বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। একই সঙ্গে তিনি বলেন, ক্রিকেট পরিচালনায় সরকারের সরাসরি হস্তক্ষেপ থাকা উচিত নয়, তবে পারিপার্শ্বিক বাস্তবতায় কখনো কখনো ভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে আইপিএলের মিনি নিলামে প্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগেই নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে দল থেকে বাদ দেওয়া হয়।
এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে সরকার থেকেও সতর্কতা জারি করা হয়। পরিস্থিতির কারণে পরবর্তীতে বাংলাদেশ দল সংশ্লিষ্ট আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নেয়নি।
বর্তমানে মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে খেলছেন। নিলামের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে তাকে প্রায় ৬ কোটি ৪৪ লাখ রুপিতে দলে নেয় লাহোর কালান্দার্স।