জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের
আগামী অর্থবছরের বাজেট জনবান্ধব ও ইসলামবান্ধব হওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন দেশের বিশিষ্ট আলেম ও বক্তারা। তারা বলেছেন, বাজেট যেন অতিরিক্ত কর ও ঋণনির্ভর না হয়ে উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। একই সঙ্গে বাস্তবসম্মত বাজেট প্রণয়ন ও বরাদ্দ অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের দাবি জানান তারা।
রোববার (২৪ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রাক বাজেট সংলাপ উলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সুদভিত্তিক ব্যবস্থার পরিবর্তে জাকাতভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি তার দায়িত্বকালে চূড়ান্ত হওয়া মসজিদের বেতন কাঠামো এবং মডেল মসজিদের গেজেট কার্যকরের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ওয়াক্ফ সম্পত্তিকে সরকারি ব্যবস্থাপনার আওতায় আনা, পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং চালু করা এবং সংকটে থাকা ইসলামী ব্যাংকগুলোকে প্রয়োজন হলে সহায়তা দিয়ে টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া উচিত।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি অর্থনৈতিক ন্যায়বিচার ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সংলাপে আরও বক্তব্য ও প্রস্তাব তুলে ধরেন মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার এমপি, জয়নুল আবেদীন এমপি, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকি, অধ্যক্ষ ড. মাওলানা মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা।