হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি, উদ্বেগ প্রকাশ জামায়াত আমিরের
শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতায় না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মামলার অভিযোগপত্র দাখিল হলেও এ ঘটনায় মূল অভিযুক্তরা এখনও পলাতক থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শরীফ ওসমান বিন হাদি ছিলেন একটি সম্ভাবনাময় তরুণ এবং রাজনৈতিক সহযোদ্ধা। তার মৃত্যু একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তিনি জানান, অভিযোগপত্র জমা দেওয়ার পরও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তদন্ত প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
তিনি আরও বলেন, অভিযুক্তরা দেশের ভেতরে না বাইরে অবস্থান করছে, সে বিষয়ে স্পষ্ট ও নির্ভুল তথ্য থাকা জরুরি। যদি তারা দেশের বাইরে অবস্থান করে থাকে, তাহলে কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।
জামায়াত আমিরের মতে, কেবল গ্রেপ্তার নয়, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তিনি বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন সম্ভব।
তিনি সতর্ক করে বলেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বা অনিশ্চয়তা তৈরি হলে বিচারহীনতার সংস্কৃতি জোরদার হয়, যা রাষ্ট্র ও আইনি ব্যবস্থার প্রতি জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, একজন নিহত ব্যক্তির প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে।