ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভেঙে দিতে পারে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বুধবার ১৮ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি করেন।
সমিতির পর্যবেক্ষণে বলা হয়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সিটিবাস ও দূরপাল্লার পরিবহনেও একই চিত্র দেখা যাচ্ছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, এবারের ঈদে প্রায় ৪০ লাখ ট্রিপ দূরপাল্লার যাত্রী এবং ৬০ লাখ ট্রিপ নগর যাত্রী পরিবহন হবে। এর মধ্যে প্রায় ৮৭ শতাংশ যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।
বিভিন্ন রুটে ভাড়া দ্বিগুণ বা তারও বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। যেমন, ঢাকা থেকে পাবনা ও নাটোর রুটে ভাড়া প্রায় দ্বিগুণ নেওয়া হচ্ছে। একইভাবে অন্যান্য রুটেও যাত্রীদের নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি গুনতে হচ্ছে।
সমিতির হিসাব অনুযায়ী, দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা এবং নগর যাত্রীদের কাছ থেকে প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা অতিরিক্ত আদায় হতে পারে। সব মিলিয়ে এবারের ঈদে প্রায় ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে ভাড়া আদায় চালু করা, নগদ লেনদেন কমানো এবং সড়কে নজরদারি জোরদারের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।