প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন, ফলাফলভিত্তিক নেতৃত্বে আস্থা বিডা চেয়ারম্যানের
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বগুণ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে সবার মতামত শোনেন এবং সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে ফলাফলভিত্তিক আলোচনায় গুরুত্ব দেন।
মঙ্গলবার ১৭ মার্চ নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিজ্ঞতা তুলে ধরেন।
বিডা চেয়ারম্যান জানান, গত এক মাসে বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় বৈঠক ও পর্যালোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এতে তার নেতৃত্ব সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নেওয়া সংশ্লিষ্টদের কাছ থেকে প্রত্যাশিত ফলাফল এবং তা অর্জনের সময়সীমা জানতে চান। এতে করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাস্তবতা ও কার্যকারিতা গুরুত্ব পায়।
আশিক চৌধুরী আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে, যার মূল লক্ষ্য সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী নিজেই সময়নিষ্ঠা ও শালীন আচরণের মাধ্যমে নেতৃত্বের উদাহরণ স্থাপন করছেন।
তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগে চাপ থাকলেও দেশীয় বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য জ্বালানি সংকট ব্যবসায়ীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই প্রেক্ষাপটে আগামী ছয় মাসে ২৫টি পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি বন্ধ শিল্পপ্রতিষ্ঠানকে পিপিপি পদ্ধতিতে বেসরকারি ব্যবস্থাপনায় আনা, নতুন শিল্প নীতিমালা প্রণয়ন, বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধান, বন্দর ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং ডিজিটাল সেবা সম্প্রসারণ।
তিনি আরও জানান, নির্ধারিত সময় শেষে একটি ফলাফলভিত্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে অগ্রগতি ও সীমাবদ্ধতা তুলে ধরা হবে।
শেষে তিনি উল্লেখ করেন, ব্যস্ততার কারণে এখনো প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ছবি তোলার সুযোগ হয়নি।