ঈদযাত্রায় স্বস্তি দিতে তিন নতুন জাহাজ উদ্বোধন
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে নতুন তিনটি যাত্রীবাহী জাহাজ উদ্বোধন করা হয়েছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে হাতিয়া ও ভোলাগামী নৌপথে চলাচলের জন্য এসব জাহাজ চালু করা হয়েছে।
সোমবার ১৬ মার্চ বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে জাহাজগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধন করা জাহাজগুলোর মধ্যে ঢাকা থেকে হাতিয়া নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা বেতুয়া নৌপথে মধুমতি নামের জাহাজ চলাচল করবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি, হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে সদরঘাটে বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রলি সেবা চালুরও উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, যাত্রীসেবার নামে কেউ অর্থ আদায়ের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সাত দিনের জন্য ইজারা মূল্য মওকুফ করা হয়েছে। এই সময়ের ব্যয় সরকার বহন করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যাত্রী বা পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঈদের সময় পরিবহন খাতে জ্বালানি তেলের কোনো সংকট দেখা দেবে না বলেও তিনি আশ্বাস দেন।