মধ্যপ্রাচ্য সংকটে শাহজালাল বিমানবন্দর থেকে ১৭ দিনে বাতিল ৫২৮ আন্তর্জাতিক ফ্লাইট
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সোমবার পর্যন্ত ১৭ দিনে মোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এরপর ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।
এরপর ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল হয়। পাশাপাশি ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। সর্বশেষ সোমবার ১৬ মার্চ আরও ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার আটটি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের দুটি, জাজিরা এয়ারওয়েজের চারটি, ফ্লাইদুবাইয়ের চারটি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।
টানা ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় রয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন হতে পারে।